রাতভর মোবাইল চার্জের দিন ফুরাচ্ছে

৩ এপ্রিল, ২০২২ ২২:০০  
মোবাইল ডিভাইসে বিভিন্ন প্রযুক্তির অগ্রযাত্রায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় ব্যাটারি সক্ষমতা ও চার্জিংয়ের দ্রুততা। বর্তমানে মোবাইল কিনতে দ্রুতগতির চার্জিং প্রযুক্তিকে অগ্রাধিকার দেন ক্রেতারা। রাতভর মোবাইল চার্জ দেয়ার দিন শেষ হতে যাচ্ছে বলে জিএসএম এরিনার সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে। কয়েক বছর আগেও এক চতুর্থাংশ ব্যবহারকারী রাতভর মোবাইল চার্জ দিতেন বলে জরিপে দেখা যায়। সেটি এখন ১৫ শতাংশে নেমে এসেছে। সাত হাজারের অধিক অংশগ্রহণকারীর জরিপে দেখা গেছে, অধিকাংশ ব্যবহারকারী ২৫ থেকে ৩৩ ওয়াটের চার্জার ব্যবহার করেন। এসব চার্জার কোনো খারাপ দিক ছাড়াই দ্রুততার সাথে স্মার্টফোনকে চার্জ করে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে অধিক সময় চার্জে রাখার ফলে ক্ষতির সম্ভাবনা কমে গেছে। ১০০ প্লাস ওয়াটের চার্জার দ্বিতীয় জনপ্রিয় ক্যাটাগরিতে রয়েছে। আর এরপরে রয়েছে ৫০-৬৭ ওয়াটের চার্জার। এই জরিপ থেকে দেখা গেছে, ব্যবহারকারীরা দ্রুতই তার ডিভাইসটি চার্জ দিতে চান। দ্রুত চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয় কিনা এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলছেন, খুব বেশি ক্ষতি হয়না। কয়েক হাজার সাইকেল ফুল চার্জ দেয়ার পরেও ব্যাটারির সক্ষমতা মূল সক্ষমতার ৮০ শতাংশ বিদ্যমান থাকে। বর্তমানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে ৮০০ সাইকেল ধরা হয়। অনেকেই আবার এটি ১৬০০ সাইকেল বা তারও বেশি প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এখানে মনে রাখতে হবে, ১৬০০ সাইকেল অর্থ দুই বছর ধরে প্রতিদিন ০ থেকে ১০০ শতাংশ চার্জ করা। ডিবিটেক/বিএমটি